বিশ্বকাপের হাইভোল্টেজ ‘আইবেরিয়ান ডার্বি’তে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে কাঁদিয়ে শেষ আটে জায়গা করে নিল স্পেন। যোগ করা সময়ের প্রথম মিনিটে মিকেল মেরিনোর নাটকীয় গোল লা রোজাদের ১-০ ব্যবধানের জয় এনে দিয়েছে। এর ফলে স্বপ্নের দৌড় থেকে ছিটকে গেলেন রোনালদো, আর দুর্দান্ত ছন্দে এগিয়ে চলল স্পেন।
ম্যাচজুড়ে আধিপত্য বজায় রেখেছিল স্পেন। বল পজেশনে এগিয়ে থেকে তারা একের পর এক আক্রমণ সাজালেও পর্তুগিজ গোলরক্ষক দিয়োগো কস্তার দেয়াল টপকাতে পারছিল না। প্রথমার্ধে মিকেল ওইয়ারসাবাল, লামিন ইয়ামাল ও আলেক্স বায়েনার প্রচেষ্টাগুলো কস্তা দারুণ দক্ষতায় রুখে দেন। অন্যদিকে, পর্তুগাল মূলত রোনালদোর ব্যক্তিগত ঝলক এবং কাউন্টার অ্যাটাকের অপেক্ষায় ছিল। নুনো মেন্ডেসের একটি শট দুর্ভাগ্যজনকভাবে ক্রসবারে লেগে ফিরলে গোলবঞ্চিত হয় পর্তুগাল।
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্যভাবে শেষ হওয়ার পথে ছিল। অতিরিক্ত সময়ের প্রস্তুতি নিচ্ছিলেন দুই দলের ফুটবলাররা। তখনই কোচ লুইস দে লা ফুয়েন্তের মাস্টারস্ট্রোক হিসেবে মাঠে নামেন মিকেল মেরিনো। ৮৫ মিনিটে মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই ম্যাচের ভাগ্য লিখে দেন এই আর্সেনাল মিডফিল্ডার। ৯০+১ মিনিটে ফাবিয়ান রুইজ ও ফেরান তোরেসের নিখুঁত পাসিং থেকে আসা বলটি দারুণ ফিনিশিংয়ে জালে জড়ান মেরিনো।
এই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়। রোনালদোর সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচটি তাই বেদনার এক অভিজ্ঞতায় শেষ হলো। নির্ধারিত সময়ের বাকি কয়েক মিনিট পর্তুগাল মরিয়া হয়ে সমতা ফেরানোর চেষ্টা করলেও স্পেনের জমাট রক্ষণভাগ ছিল অজেয়।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একটি গোলও হজম করেনি স্পেন। রক্ষণাত্মক ধারাবাহিকতা এবং সুশৃঙ্খল ফুটবলে লা রোজারা যে শিরোপার অন্যতম দাবিদার, তা আবারও প্রমাণ করলেন তারা।
কোয়ার্টার ফাইনালে স্পেন মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম ম্যাচের জয়ী দলের। অন্যদিকে, বড় আসরে আরও একবার স্বপ্নভঙ্গের বেদনায় বিদায় নিল পর্তুগাল।
জেএস